যুক্তরাষ্ট্রের টেক্সাসে গির্জায় এক বন্দুকধারীর গুলিতে ২৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার বেলা সাড়ে ১১টার দিকে উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিং শহরের ফার্স্ট ব্যাপ্টিস্ট চার্চে এই হামলার ঘটনা ঘটে।
গভর্নর গ্রেগ অ্যাবট ২৬ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করে বলেছেন, এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ২৫ জন। টেক্সাসের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি।
ঘটনার পরপরই হামলাকারীও নিহত হয়েছে। তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে, নাকি সে আত্মঘাতী হয়েছে—তা নিশ্চিত নয়।
টেক্সাসের ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটির আঞ্চলিক পরিচালক ফ্রিম্যান মার্টিন জানিয়েছেন, রোববার ছুটির দিন বলে গির্জায় বেশ কিছু লোকজন ছিল। যারা হতাহত হয়েছেন তাদের মধ্যে পাঁচ থেকে ৭০ বছর বয়সী লোকজন রয়েছেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ১২ দিনের এশিয়া সফরে রয়েছেন। তিনি জাপান থেকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটে বলেছেন, ‘ঈশ্বর নিশ্চয়ই সাদারল্যান্ড স্প্রিংসের মানুষদের সহায়ক হবেন। ঘটনাস্থলে এফবিআই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। আমি জাপান থেকেই পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি।’
জেড





