ইরানের সাথে সংঘাতের মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি সেনাবাহিনীর হামলায় গাজায় বিভিন্ন স্থানে কমপক্ষে ৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৫৬ হাজারের কাছাকাছি পৌঁছেছে।

আল জাজিরা জানিয়েছে, সোমবার (২৩ জুন) নিহতদের মধ্যে কমপক্ষে ২০ জন বিতর্কিত যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে তাদের পরিবারের জন্য খাদ্য সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। জাতিসঙ্ঘ সংস্থাটির বিরুদ্ধে ত্রাণকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করার জন্য নিন্দা জানিয়েছে।

প্রাণঘাতী এসব হামলার শিকার হচ্ছে মূলত ক্ষুধার্ত সাধারণ মানুষ, যারা পরিবার-পরিজনের জন্য খাবারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে এসব বিতরণকেন্দ্রে যাচ্ছে। অনেক সমালোচক এসব স্থানকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যায়িত করেছেন। দিনে দিনে গাজার খাদ্যসংকট আরো ভয়াবহ আকার নিচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।

গত ২৭ মে থেকে জিএইচএফের ত্রাণ বিতরণ শুরু হওয়ার পর থেকে এসব কেন্দ্রের আশপাশে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক হাজার জন আহত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইসরাইল একদিকে ইরানের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পুরো গাজা উপত্যকায় সাধারণ ফিলিস্তিনিদের ওপর ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে, যার লক্ষ্য কখনো তাঁবু, কখনো বা বাসাবাড়ি।

এনএইচ