যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার বলেছেন বোস্টন ম্যারাথনে বোমা হামলায় সন্দেহভাজন মূল আসামি জোখার সারনায়েভের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করা হবে ।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ করেছেন যে, জোখার সারনায়েভ ও তার নিহত ভাই তামেরলান সারনায়েভ প্রেশার কুকারকে বোমায় রূপান্তরিত করে হামলার ঘটনাটি ঘটান।
ম্যারাথনের ফিনিশ লাইনে বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল বলেও তাদের ধারণা। অভিযুক্ত জোখার সারনায়েভ নিজে দোষ স্বীকার করেননি এবং বিচারের কোন তারিখও এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি।
বোস্টন হামলার ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের এপ্রিল মাসে বোস্টন ম্যারাথনের প্রান্তসীমা বা ফিনিশ লাইনে। বিস্ফোরণ দুটি কয়েক সেকেন্ডের ব্যবধানে ঘটে।
এসময় শত শত দৌড়বিদ কয়েক ঘন্টাব্যাপী ম্যারাথন দৌড়ের শেষ সীমা অবস্থান করছিল।
বোমা হামলার ঘটনায় ৩ জন নিহত হয় এবং ২৬০ জনের বেশি মানুষ আহত হয়।
বোস্টনের পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনী এক বিরাট অভিযান শেষে জোখার সারনায়েফকে আহত অবস্থায় গ্রেফতার করে ঘটনার দু'দিন পর।
সারনায়েফ বোস্টনের এক শহরতলী ওয়াটারটাউনে একটি বাড়ির পেছনে এক নৌকার মধ্যে লুকিয়ে ছিলেন। তার বড় ভাই তামেরলান সারনায়েফ এর আগে আরেক ঘটনায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত হন।
২০০২ সালে অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে আসেন চেচেন বংশোদ্ভুত দুই ভাই জোখার ও তামেরলান সারনায়েভ।
কর্তৃপক্ষ এটা বিশ্বাস করে যে, মুসলিম দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের পরিপ্রেক্ষিতেই বোস্টন হামলার ঘটনাটি ঘটেছিল। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৩০ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]