ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, বুধবার ভোরে একটি বাড়িতে ‘নিষ্ঠুর’ হামলা চালানো হয়। রাষ্ট্রীয় ও আধা সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় বাড়িটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল।

হামলা থেকে বেঁচে যাওয়া এক শিশু জানায়, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই সে যুদ্ধবিমান উড়তে দেখেছিল। বিস্ফোরণে ইট-পাথরের টুকরায় সে ও আরও অনেকে আহত হয়।

তবে একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ নতুন হামলার কথা জানিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টার জবাবে ইরানের আকাশ প্রতিরক্ষা, রাডার, সামরিক স্থাপনা, মাইন পাতা ও যোগাযোগ সক্ষমতার ওপর হামলা চালানো হয়েছে।

ইরান জানিয়েছে, এসব হামলার জবাব দেওয়া হবে। দেশটির সামরিক বাহিনী আরও দাবি করেছে, তারা জর্ডান, বাহরাইন ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। কুয়েতও কয়েকটি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে।

কুহেস্তাক ছাড়াও কোনারাক, বন্দর আব্বাস ও কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এদিকে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে।

এনএইচ