ইরান এবং ইরানের সাথে সংশ্লিষ্ট ৩৬টি সংবাদ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন অভিযোগ করছে, এই সাইটগুলো ভুল তথ্য ছড়াচ্ছে।
গতকাল মঙ্গলবার (২২জুন) বিকেল থেকে এসব ওয়েবসাইটে গিয়ে দেখা যায় সেগুলো বন্ধ হয়ে গেছে। তার জায়গায় দেখা যাচ্ছে একটি নোটিশ, যাতে বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এগুলো 'বাজেয়াপ্ত' করেছে। এতে এফবিআই এবং মার্কিন বাণিজ্য দফতরের সিলও দেখা যাচ্ছে।
বন্ধ করে দেওয়া এসব সংবাদ ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ইরানের সরকার নিয়ন্ত্রিত প্রেস টিভি এবং ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পরিচালিত আল-মাসিরা টিভি।
এ ঘটনাটি এমন এক সময় ঘটলো, যখন ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার লক্ষ্যে করা একটি চুক্তি পুনরায় কার্যকর করাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ইরানের ইসলামিক রেডিও ও টেলিভিশন ইউনিয়ন (আইআরটিভিইউ) পরিচালিত ৩৩টি ওয়েবসাইট এবং ইরাকের ইরান-সমর্থিত কাতাইব হেজবুল্লাহ পরিচালিত ৩টি ওয়েবসাইট 'সিজ' বা বাজেয়াপ্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ আরো বলেছে, আইআরটিভিইউ যে ডোমেইন ব্যবহার করতো তার মালিক ছিল একটি আমেরিকান কোম্পানি, এবং এ ডোমেইন ব্যবহার করার জন্য যুক্তরাষ্ট্র অর্থ দফতরের 'অফিস অব ফরেন এ্যাসেটস কনট্রোলের' যে লাইসেন্স নিতে হয় - তা তারা নেয়নি।
অপরদিকে দিকে কাতাইব হেজবুল্লাহকে যুক্তরাষ্ট্র একটি সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে, এবং তারাও পূর্বোক্ত লাইসেন্সটি নেয়নি। তথ্যসূত্র: রয়টার বার্তা সংস্থা।
হোসাইন নূর





