আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, খান ইউনুসের কেন্দ্রস্থলের কাটিবা এলাকায় ইসরায়েলি বাহিনী কয়েকবার টানা গোলাবর্ষণ করেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজার সিভিল ডিফেন্স বিভাগ বাসিন্দাদের সতর্ক করেছে, আনুষ্ঠানিকভাবে ইসরায়েলি বাহিনী গাজা থেকে প্রত্যাহার না করা পর্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গাজা শহরে এক স্নাইপার হামলায় এক লেফটেন্যান্ট কর্নেল নিহত হয়েছেন। নিহত সেনা কর্মকর্তা সেনাবাহিনীর ৬১৪তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

এই হামলার ঘটনা এমন সময় ঘটছে, যখন চুক্তি অনুযায়ী গাজায় ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা। স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী এখনও সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে।

ইসরায়েলি হামলায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১ লাখ ৭০ হাজার আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইউনিসেফের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে ২০ হাজারের বেশি শিশু নিহত হয়েছে, আহত হয়েছে ৪২ হাজারের বেশি শিশু, যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু স্থায়ীভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন।

এনএইচ