রমজান মাস উপলক্ষে বাড়ি ফেরার পথে মালয়েশীয় উপকূলে অবৈধ ইন্দোনেশীয় শ্রমিকদের দুটি নৌকা ডুবির ঘটনায় শুক্রবার আরো একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও এই ঘটনায় আরো ২৭ জন নিখোঁজ রয়েছে।

মালয়েশিয়ান মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ)’র কর্মকর্তা মোহাম্মদ হাম্বলি ইয়াকুপ বলেন, মালয়েশিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবির ঘটনায় চলমান উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৮২ জনকে উদ্ধার করা হয়েছে। নৌকা দুটি ইন্দোনেশিয়া যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি এএফপিকে বলেন, ‘১৫টি মৃতদেহের মধ্যে ১২ জন পুরুষ ও ৩ জন নারী।’

প্রথম নৌকাটি মালয়েশিয়ার প্রধান সমুদ্র বন্দর পোর্ট ক্লাংয়ের কাছে ডুবে যায়। এতে ৯৭ ইন্দোনেশীয় যাত্রী ছিল।

দ্বিতীয় নৌকাটি সামান্য দক্ষিণে সেপাং এলাকার কাছ থেকে উদ্ধার করা হয়। এতে ২৭ যাত্রী ছিল।

উদ্ধারকৃতদের মধ্যে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের কর্তৃপক্ষ আটক করেছে। এছাড়া প্রথম নৌকার ২০ জন ও দ্বিতীয় নৌকার ৭ যাত্রী এখনো নিখোঁজ রয়েছে।

নিখোঁজদের অনেকেই সাঁতরে তীরে উঠে পুলিশের হাতে আটক হবার ভয়ে পালিয়ে গেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। সূত্র: বিএসএস

ঢাকা, ২০ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ