আমেরিকার ক্যালিফোর্নিয়া উপকূলের খুব কাছ দিয়ে রাশিয়ার যুদ্ধবিমান উড়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন বিমান বাহিনীর প্রধান। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরে আমেরিকার গুয়াম বিমান ঘাঁটির কাছ দিয়েও রাশিয়ার যুদ্ধ বিমান উড়ে গেছে বলে জানান তিনি। খবর রয়টার্সের।
মার্কিন বিমান বাহিনীর প্রধান জেনারেল হার্বার্ট হুক কার্লিসলে সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান। ওয়াশিংটনের স্ট্র্যাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারে থিঙ্ক ট্যাঙ্কদের (বুদ্ধিজীবী) সাথে এক আলোচনায় এসব কথা জানান কার্লিসলে।
মার্কিন বিমান বাহিনী প্রধান আরো জানান, সম্প্রতি ইউক্রেন সংকটকে কেন্দ্র করে আমেরিকা ও ন্যাটোর সাথে সম্পর্কের চরম অবনতি ঘটে রাশিয়ার। পশ্চিমা দেশগুলো রাশিয়ার উপর অবরোধ আরোপ করার হুমকি দিয়ে রেখেছে। ইউরোপের পূর্বাঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করেছে ন্যাটো। সেখানে মহড়াও চালাচ্ছে ন্যাটো। অথচ আমেরিকার নিজের ঘাঁটিগুলো এমনকি দেশের কাছ দিয়ে রাশিয়ার যুদ্ধ বিমান মহড়া দিচ্ছে।
হুক জানান, ইউক্রেন সংকট শুরুর পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে রাশিয়া। কোরিয়া ও জাপান সাগরের কাছে রাশিয়ার রণতরীগুলো ঘোরাঘুরি করছে। এসব অঞ্চলে রাশিয়া গোয়েন্দা নজরদারিও বাড়িয়েছে বলে জানান তিনি। উল্লেখ্য, কোরিয়া ও জাপান সাগরের কয়েকটি দ্বীপে রয়েছে আমেরিকার বেশ কয়েকটি সামরিক ঘাঁটি।
মার্কিন বিমান বাহিনী প্রধান জানান, ইউক্রেন এবং ক্রিমিয়া আমেরিকা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও ইউরোপের জন্য চ্যালেঞ্জস্বরূপ। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ০৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]