প্যারিসে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল নয়া দিল্লি। এ পরিস্থিতিতে তাকে নিরাপত্তা দিতে নামছে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বৃটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৫।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা নরেন্দ্র মোদির তুরস্ক সফরের সময়ে নতুন করে তার নিরাপত্তা নিশ্চিত করেছেন। এ রোববার থেকে তার এ সফর শুরু হয়েছে। এ সময়ে নতুন পরিকল্পনায় তাকে নিরাপত্তা দিচ্ছে মোসাদ ও এমআই-৫।

গতকাল এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, ১০ই অক্টোবর তুরস্কের রাজধানী আঙ্কারায় আইএসের জোড়া বোমা হামলায় ১০২ জন নিহত হন। এর পরই নরেন্দ্র মোদির বিদেশ সফরে তার নিরাপত্তায় বড় ধরনের পরিবর্তন আনা হয়। এর মধ্যেই শুক্রবার প্যারিসে ভয়াবহ হামলা হয়। সেই হামলার পর মোদির নিরাপত্তার নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। এতে তার নিরাপত্তায় যে বিশেষ স্কোয়াড থাকতো তাতে থাকবে বিদেশী এজেন্ট। তাদেরকে নেয়া হবে মোসাদ ও এমআই-৫ থেকে। তাদেরকে দেখা যাবে তুরস্কের রাজধানী আঙ্কারায়। সেখানে জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবার।

ইসরাইল এবং বৃটেনের এই দুই বাহিনী আকাশপথেও নরেন্দ্র মোদিকে সম্পূর্ণভাবে নিরাপত্তার মোড়কে ঢেকে দেবে। এছাড়া সাধারণ নিরাপত্তা বাহিনী তো থাকছেই। সবমিলিয়ে, নিরাপত্তার মোড়কে ঢেকেই তুরস্কে জি-২০ সম্মেলনে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সংবাদ মাধ্যমকে জানান, প্যারিস হামলার পর শনিবারই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে।

ভারতীয় গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগসাজশ করেই নরেন্দ্র মোদির নিরাপত্তায় নামে মোসাদ এবং এমআই-৫। এই দুই বাহিনী সড়ক এবং আকাশপথে নরেন্দ্র মোদিকে নিরাপত্তা দেবে। টাইমস অব ইন্ডিয়া লিখেছে, বিদেশী এই দুটি গোয়েন্দা সংস্থার এজেন্টরা ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপের পাশাপাশি নিরাপত্তায় কাজ করবে। এ সময়ে তুরস্কের স্থানীয় গোয়েন্দারা তো মাঠে থাকবেনই।

এর ফলে আকাশপথে যে কোন রকম হামলা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এর আওতায় তুরস্কে মোদির জন্য একটি বিমান রাখা হবে স্ট্যান্ডবাই। এতে থাকবে এডভান্সড রাডার ও ওয়ার্র্র্নি ব্যবস্থা। থাকবে একটি আলাদা প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগযোগ ব্যবস্থা। এয়ার ইন্ডিয়া জাম্বো জেটে যদি কোন সমস্যা দেখা দেয় সেজন্য এখন যে বিমান রাখা হয়েছে এটি হবে তার চেয়েও ব্যতিক্রমী।

এ সম্মেলনে এবার যোগ দিচ্ছেন ১২ হাজারের বেশি নেতা, সমাজসেবক, শিক্ষাবিদ। সেখানে মোদিকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে ঘিরে রাখা হবে। এতে অংশ নেবেন এক হাজারের বেশি নিরাপত্তা রক্ষী। তাদের কেউ থাকবেন দৃশ্যমান। কেউ থাকবেন অদৃশ্য। ভারতের গোয়েন্দা বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা ‘র’-এর এবং আইবির এজেন্টরা এরই মধ্যে সম্মেলনস্থল ও মোদি যে হোটেলে থাকবেন সেখানে পৌঁছেছেন।

এমএইচ