চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শব্দের চেয়ে প্রায় ১০ গুণ গতি সম্পন্ন পারমাণবিক উৎক্ষেপণযানের সফল পরীক্ষা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। চলতি মাসের ৭ তারিখে এ পরীক্ষা চালানো হয়েছে।
এই যান ঘণ্টায় ১২ হাজার কিলোমিটার গতিতে চলতে সক্ষম। চীনের এ উৎক্ষেপণযানকে ‘ডব্লিউইউ-১৪’ নামে অভিহিত করছে আমেরিকা।
গত ১৮ মাসে এ নিয়ে চতুর্থ দফা হাইপারসোনিক বা অতিশাব্দিক উৎক্ষেপণযানের পরীক্ষা চালানো হল।
খবরে বলা হয়েছে, সর্বশেষ পরীক্ষায় ‘ডব্লিউইউ-১৪’ সফল ভাবে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পেরেছে। সুনির্দিষ্ট গতিপথ ধরে যে সব ক্ষেপণাস্ত্র আঘাত করতে আসবে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে কেবল সেগুলোকেই ঠেকাতে পারে আমেরিকা। কিন্তু গতিপথ পরিবর্তনে সক্ষম ‘ডব্লিউইউ-১৪’ প্রতিহত করতে পারবে না মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রের এ গতিপথকে ট্রাজেকটরি বা নির্দিষ্ট আবক্র বলা হয়।
প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ সাংহাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হি কিসং বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হিসেবে তৈরি করা হয়েছে ‘ডব্লিউইউ-১৪।’ এতে গণ মুক্তি ফৌজ চীনের ভৌগলিক সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে বলে জানান তিনি।
এদিকে ‘ডব্লিউইউ-১৪’এর সর্বশেষ এ পরীক্ষাকে ‘চরম রণকৌশল’ বলে উল্লেখ করেছে আমেরিকা।
ইআর





