সংখ্যালঘু কুর্দি বাহিনী উত্তর সিরিয়ায় তাদের নিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রীয় শাসন পদ্ধতি চালুর ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে। কুর্দি বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলা সিরিয়ার কয়েকটি অংশ কুর্দি, ইসলামিক স্টেট ও আল-কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্টের দখলে চলে গেছে। উত্তর সিরিয়ার কয়েকটি অঞ্চল দখল করে আছে কুর্দিরা। ওই অঞ্চলে কুর্দিরা সত্যিকারার্থে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রতিষ্ঠা করলে তা হবে প্রতিবেশী তুরস্কের জন্য সতর্কবার্তা।

সুইজারল্যান্ডের জেনেভায় যখন শান্তি আলোচনা চলছে, তখন এমন ঘোষণা দিলো সিরিয়ার কুর্দি ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি)। জেনেভায় শান্তি আলোচনায় যে দলগুলো যোগ দিয়েছে তাদের অবশ্য পিওয়াইডি নেই। সংগঠনটি উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর সায়ত্ত্বশাসিত ৩টি শহরে এ ফেডারেল সিস্টেম ঘোষণা করতে চাচ্ছে ।ইদ্রিস নাসান নামে সিরিয়ার কুর্দি বাহিনীর এক কর্মকর্তা ও পিওয়াইডির প্রাক্তন নেতা জানান, সিরিয়ার উত্তরাঞ্চলে নিজস্ব প্রশাসন ব্যবস্থা চালু করবেন তারা এবং শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কেবল উত্তর সিরিয়া অথবা কুর্দি অঞ্চলের ভবিষ্যত নয় বরং এটি পুরো সিরিয়ারই ভবিষ্যত। কারণ যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় গণতন্ত্র ও সমতা নিশ্চিত করা হয়।

এআই