ফিলিপাইনের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় কুপ্পো। রোববার ভোর ৪টার দিকে রাজধানী ম্যানিলা থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে দুর্গম উপকূলীয় শহর কাসিগুরানে কুপ্পু আঘাত হানে। এখন পর্যন্ত কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘূর্ণিঝড়ে ভারি বর্ষণের পাশাপাশি বাতাসের তীব্রতা ছিল ঘন্টায় ২১০ কিলোমিটার। তবে উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে ছয় হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট বেনিংগো এক্যুইনো সর্বসাধারণের নিরাপত্তার স্বার্থে জাতীয় পর্যায়ে বিশেষ সতর্কতা জারি করেছেন। ফিলিপাইনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বিশেষ প্রতিবেদনে এ কথা জানানো হয়।
জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কাউন্সিল ডিজেডবিবি রেডিওকে জানিয়েছে, রোববার ভোরে ঘূর্ণিঝড় কুপ্পো ফিলিপাইনের সমুদ্র উপকূলে আঘাত হানে। দেশের উত্তর-পূর্বাঞ্চলসহ বেশ কয়েকটি বিপজ্জনক অঞ্চল থেকে ইতোমধ্যে স্থানীয় সেচ্ছাসেবক এবং সরকারি উদ্যোগে লোকজনকে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে।
গত ২০১৩ সালে দেশটিতে আঘাত হানা ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে প্রায় ৬,৩০০ জনের প্রাণহানি ঘটেছিল। আবহাওয়া প্রতিবেদনে আরও জানা যায়, শুধুমাত্র কুপ্পোই নয় এর সঙ্গে অল্পদুরত্বে বইছে আরেকটি ঘূর্ণিঝড় চাম্পি।
তবে উপকূল পর্যন্ত আসতে আসতে চাম্পি তার বেগ হারাবে। এদিকে, পরিস্থিতি মোকাবেলায উত্তরাঞ্চলে বিপুল সেনাবাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।
কেবি





