ভারতে নিজেকে আর নিরাপদ ভাবতে না পেরে আমেরিকায় চলে গেছেন ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
নিউ ইয়র্কের ‘সেন্টার ফর ইনকুয়ারি’ নামে একটি অলাভজনক শিক্ষা ও গবেষণা সংস্হা আমেরিকায় তসলিমার নতুন আশ্রয়ের ব্যবস্হা করেছে।
নারীর অধিকারের পক্ষে এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে লেখা এবং বলার জন্য অনেক বছর ধরেই তসলিমা চাপের মুখে। কিন্তু ইদানিং সরাসরি শাসানো হচ্ছিল তাকে।
বাংলাদেশে কয়েকজন ব্লগার খুনের ঘটনার পর টুইটার বা ফেসবুকে একরকম খোলাখুলি খুনের হুমকি দেয়া শুরু হয়েছিল। উদ্বিগ্ন তসলিমা যার পর ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করার চেষ্টা করেন। সম্ভবত একই সঙ্গে তিনি অন্যত্রও সাহায্য চেয়ে আবেদন করেছিলেন।
যদিও সি এফ আই সংস্হাটি জানিয়েছে, আমেরিকায় তসলিমার থাকাটা নেহাতই সাময়িক, যেহেতু বৈধ ভিসা ছাড়া তিনি বেশিদিন সেখানে থাকতে পারবেন না। তার প্রাণসংশয় হতে পারে, শুধুমাত্র এই কারণেই সি এফ আই নিজেদের আপৎকালীন তহবিল থেকে তসলিমার সেদেশে থাকা-খাওয়ার ব্যবস্হা করেছে।
তবে খরচ চালানোর জন্য আরো অর্থ প্রয়োজন হবে, সেক্ষেত্রে সংস্হাটি তাদের সদস্যদের কাছে সাহায্যের আবেদন জানাবে।
কেএইচ





