২০১০, ২০১১ ও ২০১২ সালে তিনবার ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এতে সম্মত থাকলেও শেষ পর্যন্ত তা হয়ে উঠেনি।
ইসরায়েলের এক টেলিভিশনে শুক্রবার রাতে সম্প্রচার করা এক সাক্ষাৎকারে একথা বলেছেন এহুদ বারাক। বারাক বলেন, ‘২০১০ ও ২০১১ সালে শেষ মুহূর্তে এসে ইরানে হামলার বিপক্ষে অবস্থান নেন (ইসরায়েলী) সেনাপ্রধান। তিনি (সেনাপ্রধান) বলেন, এই মুহূর্তে ইরানে হামলা চালানোর মতো পর্যাপ্ত সক্ষমতা নেই।’
এহুদ বারাক আরও বলেন, ‘২০১২ সালেও ইরানে হামলার পরিকল্পনা করা হয়। তবে ওই সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক মহড়া ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর রাষ্ট্রীয় সফরের কারণে তা বাতিল করা হয়।’
নিউইয়র্ক টাইমসের শনিবারের এক প্রতিবেদনে বলা হয়েছে, বারাক জানিয়েছেন চ্যানেল-২ তে সম্প্রচার করা ওই বক্তব্য তারই। তবে তিনি তা টেলিভিশনে সম্প্রচারের জন্য বলেননি।
তিনি আরও বলেন, আইলান কফির ও ড্যানি ডুর নামক দুই লেখককে ‘বারাক : দ্য ওয়ারস অব মাই লাইফ’ বইয়ের তথ্যের ব্যাপারে এ কথা বলেছিলেন।
বিভিন্ন সময় ইরানে হামলার কথা ব্যক্ত করলেও বর্তমানে নেতানিয়াহুর জোট সরকারের জন্য তা বেশ কঠিন বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। এ ছাড়া সম্প্রতি বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু ইস্যুতে চুক্তির বিষয়টি তা আরও জটিল করে তুলেছে।
এএইচ





