পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য নব নির্মিত ৪০০ বাড়ি ভেঙে দেয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের এক মুখপাত্র জানিয়েছেন যে এসব ঘর-বাড়ি তৈরি করার জন্য ইউরোপীয় ইউনিয়ন অর্থের যোগান দিয়েছিল। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলে খবর প্রকাশিত হওয়ার পর সেগুলো ভেঙ্গে দেয়ার নির্দেশ দিলেন নেতানিয়াহু।
ইসরাইল বলছে, এসব ঘর-বাড়ি নির্মাণের আগে ইউরোপীয় ইউনিয়নের উচিত ছিল তেল আবিবের কাছ থেকে অনুমতি নেয়া।
এর আগে, বৃহস্পতিবার পশ্চিম তীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাদি উসমান ডেইলি মেইলকে জানিয়েছিলেন, ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে ইইউ এসব ঘর-বাড়ি নির্মাণে অর্থ যোগান দিয়েছে।
সে সময় তিনি আরো বলেছেন, ফিলিস্তিনিদের বসবাসের যেমন অধিকার রয়েছে তেমনি সেখানে স্কুল তৈরি ও অর্থনৈতিক উন্নয়নের অধিকারও রয়েছে। সূত্র:আইআরআইবি
জেডআই





