মার্কিন সেনাবাহিনী থেকে ৫০ হাজার সেনাকে ছাঁটাই করা হতে পারে।সোমবার এ পরিকল্পনা প্রকাশ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।নয়া বাজেট পরিকল্পনার খসড়া উপস্থাপন করতে গিয়ে চাক হেগেল এই পরিকল্পনার কথা জানান।সংবাদ সংস্থা এপির বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে আলজাজিরা।
২০১৫ সালের পর থেকে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হতে পারে। সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ৪ লাখ ৪০ হাজার বা ৪ লাখ ৫০ হাজারে নামিয়ে আনা হতে পারে।এ ছাড়া স্নায়ুযুদ্ধের সময়কার ইউ-টু গোয়েন্দা বিমান ও এ-টেন জঙ্গি বিমানও তুলে নেয়া হবে।
পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম মার্কিন সেনাবাহিনীর আকার সঙ্কুচিত হবে।মূলত যুক্তরাষ্ট্রে চলমান অর্থনৈতিক মন্দার জেরেই এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানা গেছে।এ ছাড়া ইরাক ও আফগানিস্তানে দুটি বড় যুদ্ধের পর সেনাবাহিনীতে খরচের পরিমাণ নিয়ে বেশ চাপে রয়েছে দেশটি।  
এ বিষয়ে হেগেল বলেন, ‘এটি বাস্তবতার সময়। এই বাজেটে আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জের গুরুত্বই প্রকাশ হয়েছে।’
শুধু জনবল কমিয়ে আনাই নয়, একইসঙ্গে পেন্টাগন সেনাবাহিনীর বেতন-ভাতা পরিবর্তনেরও পরিকল্পনা করেছে বলে জানান হেগেল। অর্থাৎ কমতে চলেছে মার্কিন সেনাদের বেতন ভাতা। তবে সেনাদের স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বাড়ানোর সুপারিশ করেছেন তিনি। সূত্র:আলজাজিরা
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]