ইয়েমেনের উপকূলে আরব সাগরে একটি নৌকাডুবিতে অন্তত ৪২ জন নিখোঁজ রয়েছেন। নৌকার থেকে জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত ৩০ জনকে। নৌকাটিতে করে আফ্রিকার অভিবাসীরা অবৈধভাবে আরব উপদ্বীপে যাওয়ার চেষ্টা করছিল। খবর ডন অনলাইনের।
ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি ইয়েমেনের বীর আলী উপকূলের নিকট অবস্থিত। এটি শাবওয়া প্রদেশের অন্তর্গত।
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নৌকাডুবির এ খবর জানানো হয়। দুর্ঘটনার পরপরই ইয়েমেনের নৌবাহিনীর একট টহল যান ৩০ জনকে উদ্ধার করেন। তাদেরকে স্থানীয় শরণার্থী ক্যাম্পে রাখা হয়েছে।
তবে, নিখোঁজদের ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত করে জানাতে পারেনি ইয়েমেনের কর্তৃপক্ষ।
আফ্রিকার অভিবাসীরা বিশেষ করে ইথিওপিয়া ও সোমালিয়ার দারিদ্রপীড়িত মানুষ আরব সাগর পাড়ি দিয়ে আরব ভূখন্ডে যাওয়ার চেষ্টা করে। সম্পদশালী আরব উপসাগরীয় দেশগুলোতে জীবিকার সন্ধানে তারা জীবনের ঝুঁকি নিয়ে এ জীবন অভিযাত্রা শুরু করেন।
আফ্রিকার এসব দেশ থেকে কেবল ২০১২ সালেই ৮৪ হাজার অবৈধ অভিবাসী ইয়েমেন হয়ে আরবের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]