ইরাক সীমান্তে ৩০ হাজার সৈন্য পাঠিয়েছে প্রতিবেশী সৌদি আরব। সৌদি সীমান্ত থেকে ইরাক তার সেনা সরিয়ে নেয়ার পরপরই সৌদি আরব সেনা মোতায়েন করলো। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আরাবিয়ার বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে রয়টার্স।

ইরাকের সঙ্গে সৌদি আরবের রয়েছে ৮০০ কিলোমিটার সীমান্ত। সীমান্ত সংলগ্ন সৌদি আরবের ওই অঞ্চলের নিরাপত্তায় এই সেনা পাঠানো হয়েছে বলে আল আরাবিয়ায় জানানো হয়েছে।

উল্লেখ্য, ইরাকের উত্তরাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে সুন্নী বিদ্রোহী আইএসআইএল-এর যোদ্ধারা। সীমান্ত অঞ্চল ছাড়াও ইরাকের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিদ্রোহীদের সঙ্গে দেশটির সেনাদের সংঘর্ষ চলছে।

সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বৃহস্পতিবার জানিয়েছে, বাদশাহ আবদুল্লাহ ‘সন্ত্রাসী হুমকি’থেকে রাজ্যকে রক্ষায় প্রতিরক্ষামূলক সকল ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে খবর বেরিয়েছে, আইএসআইএল’র (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত) বিরুদ্ধে লড়তে ইরাক সরকারের সহায়তায় দেশটিতে যুদ্ধবিমান পাঠিয়েছে ইরান। এ ছাড়া রাশিয়া ইতোমধ্যে দেশটির কাছে বিক্রিত বেশ কয়েকটি যুদ্ধবিমান হস্তান্তর করেছে।

মালিকি সরকারের আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রও দেশটিতে যুদ্ধবিমান পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরাকের রাজধানী বাগদাদে ৩০০ সামরিক উপদেষ্টা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স

ঢাকা, ০৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ