মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, বৈঠকে বিলম্ব ঘটতে পারে।

গতকাল মঙ্গলবার সফররত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। খবর রয়টার্সের।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যতোদূর সম্ভব ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বৈঠকটি হচ্ছে না। যেহেতু কিম এখনো তার দেশকে পরমাণু অস্ত্রমুক্ত করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ নন। তবে তার মানে এই নয় যে, বৈঠক আর হবেই না। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্রাম্প বলেন, আমি মনে করি, কল্যাণকর রাষ্ট্র হওয়ার ক্ষেত্রে উত্তর কোরিয়ার এটা একটা বড় সুযোগ। এই সুযোগ তাদের হাতছাড়া করা উচিত হবে না। কর্মকর্তারা জানিয়েছেন, মুন ট্রাম্পকে এটাই বোঝাতে চেষ্টা করছেন যে, কিমের সঙ্গে বৈঠক বাতিল করা ভাল হবে না। এতে ট্রাম্পের সমর্থকদের মধ্যে একটা হতাশা তৈরি হবে। তার কূটনৈতিক সাফল্য নিয়েও সংশয় বাড়বে।

গত সপ্তাহে উত্তর কোরিয়া হুমকি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি পরমাণু অস্ত্র ত্যাগ নিয়ে বেশি চাপাচাপি করে তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক নাও হতে পারে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার সঙ্গে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক স্থগিত করে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র বলছে, পরমাণু অস্ত্রমুক্ত হতে উত্তর কোরিয়ার ওপর চাপ অব্যাহত থাকবে।

জেড