সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচন নিয়ে অসন্তুষ্টির কথা আনুষ্ঠানিকভাবে জানালো যুক্তরাষ্ট্র।

শুক্রবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান এ প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে আগামী যে কোনো নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন শারম্যান। বিএনপির নির্বাচন বর্জনের ঘটনায়ও হতাশা ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের চতুর্থ অংশীদারিত্ব সংলাপ শেষে আয়োজিত এ যৌথ সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, দুই দিনের সংলাপে বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তা ইস্যুতে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এ সময় পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন অন্য যে কোনো সময়ের তুলনায় গভীর ও বিস্তৃত।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্র মন্ত্রী নিশা দেশাই এবং ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট এ সময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, সুশাসন, নিরাপত্তা, সন্ত্রাস দমনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে দু'দেশের সহযোগিতা আরো এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার চতুর্থ অংশীদারিত্ব সংলাপের প্লেনারি সেশনে অংশ নিতে নিশা দেশাই ও শারম্যান ঢাকায় আসেন।

কেএইচ