প্রথমে গো-মাংস নিষিদ্ধ করে বিতর্কের সম্মুখীন হয় মহারাষ্ট্র সরকার। এবার আরও একধাপ এগিয়ে মুম্বাইয়ের স্থানীয় প্রশাসন, সেখানকার কিছু এলাকায় আগামী কয়েকদিনের জন্য সবধরণের মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল।

জৈন উৎসব উপলক্ষ্যে আগামী ৮ দিনের জন্য মুম্বইয়ের পার্শ্ববর্তী এলাকা, থানের মীরা রোড এবং ভায়ান্দারায় বন্ধ থাকবে সমস্ত ধরণের মাংস বিক্রি।

প্রসঙ্গত, সম্প্রতি গোমাংস নিষিদ্ধ করা হয় মহারাষ্ট্র। সেই নিয়ে দেশ জুড়ে প্রবল সমালোচনার ঢেউ ওঠে। এই বিতর্কের মধ্যেই এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন। বস্তুত, গত বছরও প্রশাসনের এই নির্দেশিকা জারি ছিল। তবে তা ২ দিনের জন্য। কিন্তু এবার তা বেড়ে হল ৮ দিন।

স্থানীয় এক মাংস বিক্রেতা মহম্মদ রফিক কুরেশি জানিয়েছেন, "এতদিনের জন্য যদি ব্যবসা বন্ধ করে রাখি, তাহলে খাব কী? বাড়িতে বাচ্চা আছে, তাদেরও পেট চলবে কী করে?" তিনি আরও বলেছেন, এর আগে দুদিনের জন্য দোকান বন্ধের নির্দেশ তারা মেনেছেন। কিন্তু এতদিন ধরে দোকান বন্ধ কোন আইনের আওতায় পড়ে বলে প্রশ্ন তার।

অবশ্য এর ব্যাখ্যা দিয়েছেন মেয়র গীতা জৈন। তিনি বলেছেন, প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন, ১৮ দিন সমস্ত মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হবে। কিন্তু সামনেই বকরি ঈদ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। গণতন্ত্রের কথা ভেবেই ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই পদক্ষেপের বিরোধিতা করেছে বিজেপি শরিক দল শিবসেনা।

শিবসেনার মুখপাত্র নিলম ধবন জানিয়েছেন, এই শহরে বহু ধর্মের মানুষই বসবাস করেন। তাই মানুষের ওপর জোর করে কোনও নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া উচিৎ নয়।

উল্লেখ্য গত ২০১১-এর আদম সুমারি অনুযায়ী, মীরা রোডে এবং ভায়ান্দার এলাকায় ৮.৫ লক্ষ মানুষ বসবাস করে। তাঁদের মধ্যে ১.২৫ লক্ষ জৈন।

ইআর