ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এই নিয়ে সব মিলিয়ে এদেশে মোট ১৬৬ জনের মৃত্যু হল ওই রোগে, এনডিটিভি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, দেশটিতে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৭৩৪ জন। এই রোগের সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে ২৪ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ জুড়ে লকডাউনের কথা বলেন।
আপাতত আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এর মেয়াদ থাকলেও পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে এখনই লকডাউনের নিষেধাজ্ঞা না তোলারই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার সর্বদলীয় বৈঠকে এমনটাই বলেন মোদি। যদিও আগামী শনিবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বিষয়ে একটি বৈঠক করতে চলেছেন তিনি। মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ওই বৈঠকের পরেই লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার।
দিল্লির নিজামুদ্দিনের ধর্মীয় সমাবেশের পরেই দেশে দ্রুত হারে ছড়াচ্ছে সংক্রমণ। এখনও পর্যন্ত দেশের রাজধানীর ২০ টি জায়গাকে সংক্রমণ প্রবণ এলাকা বা হটস্পট বলে চিহ্নিত করে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে।
বুধবার (০৮ এপ্রিল) দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেন, সরকার এই জায়গাগুলোতে প্রয়োজনীয় সব জিনিসপত্র সরবরাহ করবে, কিন্তু এখানকার মানুষদের বাইরে বেরোলে চলবে না।
এমবি





