দুই দশক আগে নির্মাণ ব্যবসায়ী প্রদীপ জৈন হত্যা মামলায় দাউদ ইব্রাহিমের সহযোগী গ্যাংস্টার আবু সালেমকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি আদালত।

১৯৯৫ সালের ৭ মার্চ জুহুর বাড়ির সামনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী প্রদীপ জৈন খুন হন । গত ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের বিশেষ টাডা আদালত, আবু সালেমসহ মোট তিনজনকে ওই মামলায় দোষী সাব্যস্ত করে। সালেম, হাসান ও ঝম্বের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা চলছে। অতিরিক্ত দায়রা আদালতের বিচারক জিএ সনপ শাস্তির আদেশ দেন।

৪৭ বছরের আবু সালেমকে রায়গড় জেলার তালোজা সেন্ট্রাল জেলে রাখা হয়েছে।

আবু সালেম ১৯৯৩ সালে মুম্বাই বোমা হামলার প্রধান সন্দেহভাজন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের একসময়কার ঘনিষ্ঠ সহযোগী।

সালেম ১৯৯৩ সালের বোমা হামলার ঘটনার পর মেশ ছেড়ে পালিয়ে যায়। অবশেষে পর্তুগাল সরকার দীর্ঘ তিন দশকের কূটনৈতিক জটিলতার পর ২০০৫ সালে তাকে ভারতের হাতে তুলে দেয়। সেই থেকে সে কারাবন্দী রয়েছে।

প্রত্যার্পণের শর্ত অনুযায়ী, খুনের মামলায় দোষী সাব্যস্ত হলেও সালেমকে মৃত্যদণ্ড দেয়া যাবে না। এই মর্মেই আদালতে সওয়াল করেন তার আইনজীবী।

জেডআই