পানামার আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন নথিতে ঘনিষ্ঠ দুই রাজনৈতিক সহযোগীর নাম আসায় প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাটের পদত্যাগ দাবিতে বিক্ষোভ হয়েছে মাল্টায়। রোববার বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার লোক।
গত সপ্তাহে মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয়ে যায়। এসব নথিতে দেখা গেছে, বিশ্বের ৭২টি দেশের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদসহ শীর্ষস্থানীয় ধনীরা কর ফাঁকি ও অর্থপাচার করতে বিদেশে অফশোর কোম্পানি খুলেছিলেন।
পানামা পেপার্সে নাম আসায় ইতিমধ্যে পদত্যাগ করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী। চাপের মুখে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও।
পানামা পেপার্সে মাল্টার প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ যে দুই রাজনৈতিক সহযোগীর নাম এসেছে এরা হলেন- স্বাস্থ্য ও জ্বালানি মন্ত্রী কোনরাদ মিজ্জি।
তিনি ক্ষমতাসীন লেবার পার্টির উপ প্রধানও। অপরজন হচ্ছেন প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ কেইথ স্কিমব্রি।
রাজধানী ভাল্লিত্তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রোববার বিরোধী দলগুলোর উদ্যোগে বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার মানুষ।
এসময় বিরোধী দলীয় নেতা সিমন বাসুত্তিল বলেন, ‘ আপনার ওপর লজ্জা...আপনি মাল্টাকে লজ্জিত করছেন। সরকারে থাকার নৈতিক অধিকার আপনি হারিয়ে ফেলেছেন।’
এদিকে প্রধানমন্ত্রী জোসেফ মাস্কাট জানিয়েছেন, তিনি তার দুই সহযোগীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়টি পুরোপুরি জানার এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।
এসএম





