ইরাকে অবস্থিত মার্কিন সব ঘাঁটি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে বলে হুশিয়ারি দিয়েছে ইরাকের হিজবুল্লাহ ব্রিগেডস।

ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির অস্ত্র গুদামে বিস্ফোরণের প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ব্রিগেডস এই কথা বলল।

তারা এক বিবৃতিতে বলেছে, হাশ্‌দ আশ-শাবির অস্ত্রগুদামে বিস্ফোরণসহ সাম্প্রতিক ঘটনাবলীর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তাদের সংগঠন এইসব ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী বলে মনে করে।

হিজবুল্লাহ ব্রিগেডসের বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলছি নতুনকরে এই ধরণের ঘটনা ঘটলে কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে সালাউদ্দিন প্রদেশে বালাদ বিমানঘাঁটিতে হাশ্‌দ আশ-শাবির অস্ত্রগুদামে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ইরাকি গণমাধ্যম খবর দিয়েছে।

গত এক সপ্তাহে হাশ্‌দ আশ শাবি'র অস্ত্রাগারে এনিয়ে দু'টি বিস্ফোরণ ঘটলো।

হাশ্‌দ আশ-শাবি'র কমান্ডারেরা বলেছেন, এইসব বিস্ফোরণের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত। 

২০১৪ সালে ইরাকের শীর্ষ আলেম আয়াতুল্লাহ সিস্তানির আহ্বানে গণস্বেচ্ছাসেবী বাহিনী হাশ্‌দ আশ শাবি প্রতিষ্ঠিত হয়। এই বাহিনী এখন দেশটির কেন্দ্রীয় সশস্ত্রবাহিনীর অংশ। 

এমবি