ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হলে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টির বিরুদ্ধেই থাকবেন বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সাধারণ নির্বাচনের আগে লিকুদ পার্টির পক্ষে প্রচারণায় নেমে সোমবার এ কথা বলেন তিনি।
নির্বাচনের আগে প্রার্থীরা তাদের শেষ প্রচারণা চালাচ্ছেন। দেশটিতে মঙ্গলবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনীদের কাছে ভূমি হস্তান্তর করা হলে তা ইসরায়েলীদের ওপর ইসলামপন্থীদের হামলার হুমকি আরও বাড়িয়ে দেবে।
মধ্য-বামপন্থী জোট ফিলিস্তিন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেছে। তাদের এই প্রতিশ্রুতির জবাবে নেতানিয়াহু এ কথা বলেন।
তিনি বলেন, কে তার মাথাকে বালুর নিচে কবর দিতে চায়? বামপন্থীরা সেটাই করছে। তারা বার বার তাদের মাথা বালুর নিচে কবর দিচ্ছে।
তার মানে আবারও ক্ষমতায় এলে ফিলিস্তিন রাষ্ট্র সৃষ্টি হতে দেবেন না— এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, অবশ্যই।
শুধু ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতাই নয়, নির্বাচনী প্রচারণায় গিয়ে এদিন পূর্ব জেরুজালেমে আরও বসতি নির্মাণের ঘোষণাও দেন নেতানিয়াহু।
অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নেতানিয়াহুর দল সংখ্যাগরিষ্ঠতা হারাবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে।
কেএইচ





