পাকিস্তান সিনেটের চেয়ারম্যান রাজা রব্বানি বলেছেন, ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক ও বড় ভুল করেছেন।

আজ (রোববার) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসবাদ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে রাজা রব্বানি একথা বলেছেন।

সম্মেলনে তিনি আরও বলেন, ট্রাম্পের ঘোষণার কারণে ফিলিস্তিনে নতুন ইন্তিফাদা শুরু হতে যাচ্ছে। এ সম্মেলনে ইরান, তুরস্ক, চীন, রাশিয়া ও আফগানিস্তানের জাতীয় সংসদের স্পিকাররা অংশ নিচ্ছেন।

সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স পাকিস্তানকে যে হুঁশিয়ারি দিয়েছেন সে সম্পর্কে রাজা রব্বানি বলেন, পাকিস্তান একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং আমেরিকা’সহ কারো হুঁশিয়ারি বিবেচনায় নেয়ার অভ্যাস পাকিস্তানের নেই।

পাক সিনেটের চেয়ারম্যান আরও বলেন, মুসলিম দেশগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন ও আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির নীতি অনুসরণ করে আসছে আমেরিকা। তিনি বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করার মার্কিন পদক্ষেপকে সমস্ত ভুলের বড় ভুল বলে মন্তব্য করেন।

সম্মেলনে যোগ দেন (বাম থেকে) পাক প্রেসিডেন্ট মামুনন হোসেইন, সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি, ইরানি স্পিকার আলী লারিজানি ও রুশ সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভেয়াচেস্লাভ ভি. ভলোদিন।

এমবি