যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার মনোনয়ন দৌড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে অধিকাংশ অঙ্গরাজ্যে জয়ের পথে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট পার্টির হিলারি ক্লিনটন ও রিপালিকান ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার অনুষ্ঠিত মনোনয়ন দৌড়ের ভোটাভুটিতে অ্যালবামা, জর্জিয়া, টেনেসি ও ভার্জিনিয়ায় দুদলের এই দুই মনোনয়ন প্রত্যাশী জয় পেয়েছেন, জানিয়েছে বিবিসি।
তবে টেক্সাস ও ওকলাহোমায় প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প। অপরদিকে ডেমোক্রেট দলীয় অপর মনোনয়ন প্রত্যাশী বের্নি স্যান্ডার্স ওকালাহোমা এবং নিজ রাজ্য ভারমন্টে জয়ী হয়েছেন।
হিলারি আরকানসাস ও টেক্সাসেও জয় পেয়েছেন, আর ট্রাম্প ম্যাসাচুসেটসে ও আরকানসাসে। আরকানসাসে ক্রুজের শক্ত অবস্থানের আভাস পাওয়া গেছে।
আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী দুটি দলের প্রার্থী নির্বাচনে একদিনে একযোগে ১২টি অঙ্গরাজ্যে ভোটাভুটি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একদিনে সবচেয়ে বেশি রাজ্যে ভোটাভুটি হওয়ায় দিনটিকে ‘সুপার টিউসডে’ বলা হয়।
এই দিনে অধিকাংশ রাজ্যে জয় পেয়ে হিলারি ও ট্রাম্প নিজ নিজ দলের প্রেসিডেন্ট মনোনয়ন পাওয়ার দৌড়ে অনেকদূর এগিয়ে গেলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ও নিউ ইয়র্কের রিয়েল স্টেট ব্যবসায়ী ট্রাম্প সুপার টিউসডেতে অধিকাংশ রাজ্যে নিজ নিজ দলের সমর্থকদের সমর্থন পাবেন, এমন আভাস আগেই পাওয়া গিয়েছিল।
ভারমন্টে রিপাবলিকান দলীয় ভোটাভুটির বুথ ফেরত জরিপে ট্রাম্প ও ওহিওর গভর্নর জন কাসিচ এগিয়ে রয়েছেন। অপরদিকে ভার্জিনিয়ায় ট্রাম্প ও মার্কো রুবিয়োর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ট্রাম্প জয় পেলেও রুবিয়োর সঙ্গে তার ব্যবধান সামান্য।
রিপাবলিকান এস্টাব্লিশমেন্টের পছন্দের প্রার্থী হওয়া সত্বেও ফ্লোরিডার প্রতিনিধি সিনেটর রুবিয়ো শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো রাজ্যে জয় পাননি।
আসছে দিনগুলোতে যুক্তরাষ্ট্রের আরো ৩৫টি রাজ্যের প্রাইমারি বা ভোটাভুটির ফলাফলে ডেমোক্রেট ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত হবে। তার আগেই সুপার টিউসডের জয়ের পর হিলারি ও ট্রাম্প পরস্পরের দিকে মনোযোগ দিতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউজ নেটওয়ার্কগুলো দেখিয়েছে, সুপার টিউসডেতে হিলারি ও ট্রাম্প উভয়েই ছয়টি করে রাজ্যে বিজয়ী হয়েছেন। ট্রাম্প অ্যালবামা, আরকানসাস, জর্জিয়া, ম্যাসাচুসেটস, টেনেসি ও ভার্জিনিয়ায় এবং হিলারি অ্যালবামা, আরকানসাস, জর্জিয়া, টেনেসি, টেক্সাস ও ভার্জিনিয়ায় জয় পেয়েছেন।
ওএফ





