কাশ্মির সংকটের স্থায়ী সমাধানের জন্য যে কোনো সংলাপের জন্য ভারত প্রস্তত রয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে তার দেশ সুসম্পর্ক চায় বলেও ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ঘোষণা করেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জম্মু ও কাশ্মির সফরের আগে এ ঘোষণা দিল ভারত সরকার। এদিকে, মোদির কাশ্মীর সফরের প্রাক্কালে স্বাধীনতাকামীদের হামলায় বিএসএফ-এর ৭ জওয়ান আহত হয়েছে।

রাজনাথ সিং বলেন, এনডিএ সরকার কাশ্মির সংকটের স্থায়ী সমাধান চায়। ভারতের সংবিধানের আওতায় কাশ্মির নিয়ে যে কোনো সংলাপের জন্য বিজেপি সরকার প্রস্তত রয়েছে। এমনকি প্রয়োজন হলে মানবিকতার আওতায়ও সংলাপে বসবে নয়াদিল্লি। এ প্রেক্ষাপটে যে কোনোভাবে বিজেপি সরকারকে সহায়তা করার জন্য ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রতিও আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মিরে গেরিলা সংকটের সমাধান করার জন্যও ইসলামাবাদের সঙ্গে আলোচনার জন্য সরকার প্রস্তুত রয়েছে। সূত্র: আইআরআইবি

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ