শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্ব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি ডঙ্কস্টার শহর থেকে লন্ডনের কিংস ক্রসে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিল।

ব্রিটিশ পরিবহন পুলিশের তথ্য অনুযায়ী, মোট ১০ জন যাত্রী ছুরিকাঘাতে আহত হন, এর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী স্কাই নিউজকে বলেন, “ট্রেনটি হান্টিংডন স্টেশনের কাছে পৌঁছানোর সময় হঠাৎ এক ব্যক্তি একটি কামরায় ঢুকে পড়ে। তিনি রক্তাক্ত অবস্থায় বলে ওঠেন যে ‘তাদের কাছে ছুরি আছে, আমাকে আক্রমণ করা হয়েছে।’ এরপর তিনি মাটিতে পড়ে যান। পরে জানা যায়, একই ট্রেনে আরও কয়েকজন আহত হয়েছেন।”

ট্রেন স্টেশনে থামার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ট্রেনে প্রবেশ করে এবং তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে দুই ব্যক্তিকে আটক করে। তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, তবে তারা বর্তমানে হেফাজতে রয়েছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার ঘটনাটিকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং জরুরি সেবাকর্মীদের দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি ঐ এলাকার বাসিন্দাদের পুলিশের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।

সূত্র : বিবিসি, এএফপি

এনএইচ