মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসীদের পরমাণু হামলার চেষ্টার হুমকি সত্যিই। আর এতে আমাদের বিশ্ব বদলে যেতে পারে।
তবে ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা শীর্ষ সম্মেলনে ওবামা বলেন, বিশ্ব পরমাণু সন্ত্রাসবাদ রোধে ‘সুনির্দিষ্ট’ পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ইসলামিক স্টেটের হাতে পরমাণু অস্ত্র যাওয়া মানে ‘বিশ্বের নিরাপত্তার জন্য অন্যতম বড় হুমকি’।এই শীর্ষ সম্মেলনে ৫০টি দেশের নেতারা অংশ নিয়েছেন।
এতে বিশ্ব নেতারা উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি এবং রাশিয়ার এই সম্মেলনে অংশ না নেয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ওবামা বলেন, রাশিয়া পরমাণু অস্ত্র কমালেও সামরিক শক্তি বাড়াচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীর্ষ সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানান। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ লাহোরে ভয়াবহ সন্ত্রাসী হামলার কারণে সফর বাতিল করেন। এ দুটি দেশই পরমাণু শক্তিধর।
এম আর





