সম্প্রতি ট্রাম্প দাবি করেন, ইরানকে পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন তিনি।

এর জবাবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, কোনো টুইট, বিমানবাহী রণতরী বা প্রশাসনিক নির্দেশ দিয়ে হরমুজ প্রণালি দখল করা যায় না।

তিনি আরও দাবি করেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর কার্যত বন্ধ হয়ে থাকা এই গুরুত্বপূর্ণ নৌপথ কেবল ইরানের সিদ্ধান্তেই খোলা বা বন্ধ করা হবে।

ঘরিবাবাদি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যে যে কৌশলগত ও বড় ধরনের পরাজয়ের মুখোমুখি হয়েছে, অন্তত একবার সেই বাস্তবতা স্বীকার করা উচিত।

ট্রাম্পের দাবি নিয়ে বিতর্ক

এর আগে নিউইয়র্কের পুলিশ অ্যাকাডেমিতে এক রাজনৈতিক সমাবেশে ট্রাম্প বলেন, ইরানকে পুরোপুরি পরাজিত করার পর তিনি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করবেন।

তবে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তীতে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্প মূলত রসিকতা করে ওই মন্তব্য করেছিলেন।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। মার্কিন নৌঅবরোধ ইরানের জন্য ভেদ করা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইরানের সামরিক বাহিনী ট্রাম্পের এ দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় দেশটির সেন্ট্রাল মিলিটারি কমান্ড ‘খাতাম-আল আনবিয়া’র মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি বলেন, হরমুজ প্রণালি ইরানের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি দাবি করেন, ইরানের সশস্ত্র বাহিনীর অনুমতি ছাড়া কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার নিরাপদে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।

‘আরও বড় ভুল হিসাব করছে যুক্তরাষ্ট্র’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র বারবার ভুল হিসাব করছে। হরমুজ প্রণালি নিয়েও তারা আরও বড় ধরনের ভুল ধারণায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে বিমান হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ইরানের পাল্টা হামলায় মার্কিন ও ইসরাইলি বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।

এস