ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দ্রুতহারে বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত ৫০৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
আজ (১৯ এপ্রিল) রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এই তথ্য জানিয়েছে। এই খবর দিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
দেশটিতে এই মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৭০৭ জন। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
শনিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ তাঁর বাসভবনে মন্ত্রীদের সঙ্গে একটি বৈঠক করেন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে ত্রাণ দিতে মন্ত্রক কী ভূমিকা নিতে পারে তা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
কয়েক দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী ২০ এপ্রিলের পর সংক্রমণ দেখা যায়নি, এমন স্থানে কিছু কিছু আর্থিক সক্রিয়তা শুরু করা হবে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে নর্থ ব্লকে ওয়ার রুমে কোভিড-১৯ পরিস্থিতি পর্যালোচনা করেন।
এদিকে, এবার ভারতীয় নৌ-বাহিনীকেও আক্রমণের লক্ষ্য করল প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯)।
শনিবার (১৮ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুম্বইয়ের ২১ জন নাবিকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ছে। ইতিমধ্যেই ওই নাবিকরা কাদের সংস্পর্শে এসেছেন সে বিষয়েও চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে ও খোঁজ চালানো হচ্ছে।
বর্তমানে করোনা আক্রান্ত ওই ভারতীয় নাবিকদের মুম্বইয়ের একটি নৌ হাসপাতালে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে।
এমবি





