ইউক্রেনের বিদ্রোহী কবলিত পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক শহরে যাত্রীবাহী বাসে বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার শহরটির কেন্দ্রস্থলে মর্টার থেকে এ বোমা হামলা চালানো হয়। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। হামলার সঙ্গে জড়িত থাকার কথা কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে রুশপন্থী সরকার বিরোধীরা এ হামলা চালিয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের। রয়টার্স অবশ্য নিহতের সংখ্যা ৮ বলে জানিয়েছে।
ইউক্রেনের সরকারের সঙ্গে রাশিয়ার অস্ত্রবিরতি নিয়ে বার্লিনে আলোচনা শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। উল্লেখ্য, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। তাদের পক্ষে রাশিয়া অস্ত্রবিরতি চুক্তির আলোচনা করছে ইউক্রেন সরকারের সঙ্গে।
এদিকে, গত রাতজুড়ে দোনেৎস্কের বিমানবন্দর এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘাতে অন্তত ১০ জন সরকারি সেনা নিহত হয়েছেন। নিহত সেনাদের লাশের ছবি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে দেখানো হয়েছে। সংঘর্ষের পর বিমানবন্দর থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে সরকারি বাহিনী।
বৃহস্পতিবার দোনেৎস্কের কেন্দ্রস্থলে রাজপথে চলমান অবস্থায় পাবলিক ট্রলিবাসে মর্টার থেকে হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা। এতে ওই বাসে থাকা ১২ জন যাত্রী এবং পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কারের একজন যাত্রী নিহত হন। বাসের আরও অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন।
এমএ





