মালয়েশিয়া জানিয়েছে, তারা নিঁখোজ বিমানের ধ্বংসাবশেষের সম্ভাব্য কিছু ছবি ফ্রান্সের কাছ থেকে পেয়েছে। ছবিগুলো ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চল থেকে তোলা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে।
উল্লেখ্য, চলতি সপ্তাহে আরো দুইবার বিমানের ধ্বংসাবশেষের সম্ভাব্য ছবি স্যাটেলাইটের মাধ্যমে তোলা হয়েছিল।
এদিকে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেছেন, মালয়েশিয়ার সেই যাত্রীবাহী বিমানটির ভাগ্যে কী ঘটেছিল তা জানা যাবে বলে তার আশা ক্রমেই বাড়ছে। অনুসন্ধানের আওতাভুক্ত অঞ্চলে অস্পষ্ট ধ্বংসাবশেষ দেখা যাওয়ার পর তিনি রোববার তার এই আশার কথা জানিয়েছেন।
মালয়েশিয়ার ওই যাত্রীবাহী বিমানটিতে ছিল ২৩৯ জন আরোহী। ফ্লাইট নম্বর ছিল এমএইচ৩৭০।
গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী বোয়িং ৭৭৭ বিমানটি উড্ডয়নের এক ঘণ্টা পরে নিখোঁজ হয়ে যায়। ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও কন্ট্রোল প্যানেল থেকে কোনো বিপদ সংকেত না পাঠিয়েই বিমান নিখোঁজ হয়ে যাওয়ায় ঘটনাটি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। সূত্র: বিবিসি, আইআরআইবি।
[b]ঢাকা, ২৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]