স্পেন থেকে কাতালুনিয়ার স্বাধীনতার দাবিতে রবিবারের পরিকল্পিত গণভোটকে সামনে রেখে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। আঞ্চলিক প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমন্ট সমাবেশে বলেছেন, তিনি বিশ্বাস করেন রবিবার স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে গড়ে ওঠার প্রথম পদক্ষেপ নেবে কাতালুনিয়া।
এই ভোটকে বেআইনি মনে করে স্পেন, এবং এটি আটকাতে অতিরিক্ত হাজারো পুলিশ নিয়ে আসা হচ্ছে। ভোটারদের পোলিং স্টেশনে যেতে আগ্রহী করার একটি অ্যাপ সরিয়ে ফেলেছে গুগল।
এই অঞ্চলের ব্যবহারকারীরা মোবাইল থেকে অ্যাপটি ডাউনলোড করতে চাইলে বলা হচ্ছে এই অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না। তবে যেসব ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন তারা এটি ব্যবহার করতে পারবেন। গুগল জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এটি করেছে।
কাতালুনিয়া স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের একটি স্বায়ত্তশাসিত সম্পদশালী অঞ্চল এবং প্রায় ৭৫ লাখ মানুষ এখানে বাস করে।
এখানকার ভাষা ও সংস্কৃতি স্পেন থেকে ভিন্ন, এখানকার রাজধানী বার্সেলোনা বিখ্যাত তার ফুটবল ঐতিহ্যের জন্য। কিন্তু স্পেনের সংবিধান অনুযায়ী ভিন্ন দেশ হিসেবে স্বীকৃত নয়।
বিগত ৫ বছরে কাতালুনিয়ার স্বাধীনতার দাবি জোরদার হয়েছে। ২০১৫ সালের সাধারণ নির্বাচনে স্বাধীনতাপন্থি দলগুলো জয় পায়, তবে ৪০ শতাংশ ভোটার স্পেনের প্রতি অনুগত দলগুলোকে ভোট দেয়। বিবিসি।
এমএ