যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা’র (এনএসএ) বাইরে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও একজন।
স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম অনুসারে, এই ঘটনায় কমপক্ষে একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে ম্যারিল্যান্ড শহরের ফোর্ট মিড এলাকায় অবস্থিত সংস্থাটির প্রবেশদ্বারের সামনে হঠাৎ করে একটি কালো এসইউভি গাড়ি এসে থামার পরপরই গোলাগুলি শুরু হয়। খবর দিয়েছে বিবিসি।
নাসা’র এক মুখপাত্র জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে।
এনএসএ’র এক বিবৃতিতে বলা হয়, এনএসএ পুলিশ ও স্থানীয় নিরাপত্তা কর্মীরা ঘটনাটি খতিয়ে দেখছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও আপাতত কোন নিরাপত্তা হুমকি নেই।
এদিকে, সিবিএস নিউজের এক খবরে বলা হয়েছে, কালো এসইউভি গাড়িটি কি উদ্দেশ্যে সংস্থাটির প্রবেশদ্বারে এসে থেমেছিল সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি লিন্ডসে ওয়াল্টার্স এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘটনাটির বিষয়ে অবহিত করা হয়েছে। তিনি বিবৃতিতে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, ২০১৫ সালে এনএসএ’র প্রবেশদ্বারে থামার নির্দেশ না মেনে একটি গাড়ি নিয়ে ঢোকার চেষ্টা করার কারণে এক ব্যক্তি নিহত হয় ও অপর একজন গুরুত্বরভাবে আহত হয়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ওই দুই ব্যক্তি ঘটনার সময় সম্ভবত মাদকাসক্ত ছিলেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালের ঘটনা নিয়ে এনএসএ তাৎক্ষণিকভাবে কোন তথ্য প্রকাশ করেনি।
এমবি





