যুক্তরাষ্ট্রের ভূমিভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ পরীক্ষার পৃথক ভাবে কঠোর সমালোচনা করেছে চীন-রাশিয়া।
দেশ দুইটি বলেছে, এর মাধ্যমে বিশ্বে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে এবং বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হবে।
মার্কিন প্রতিরক্ষা দফতর গতকাল (১৯ আগস্ট) বলেছে, ওয়াশিংটন নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে।
যুক্তরাষ্ট্র মধ্যম পাল্লার পরমাণু বাহিনী চুক্তি বা আইএনএফ চলতি বছর এক তরফা ভাবে বাতিল করার পর এই প্রথম এ জাতীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।
রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াকভ আজ (২০ আগস্ট) মঙ্গলবার এই পরীক্ষাকে নিন্দনীয় বলে অভিহিত করেন।
তিনি আরও বলেন, একদিন আগে আমেরিকার চালানো ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমাণ করছে যে রাশিয়ার সঙ্গে সম্পাদিত আইএনএফ একতরফা ভাবে বাতিলের পরিকল্পনা অনেক দিন আগে থেকেই আমেরিকা করছে।
পাশাপাশি তিনি আরও বলেন, এই পরীক্ষা মাধ্যমে রাশিয়ায় অস্ত্র প্রতিযোগিতায় নামাতে পারবে না আমেরিকা।
এদিকে, চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি গেং সুয়াং আজ এক বিবৃতিতে মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছেন। এই পরীক্ষা মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা বাড়বে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মার্কিন পরীক্ষা সামরিক উত্তেজনা বাড়াবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর বিরূপ প্রভাব ফেলবে।
এমবি





