আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার ই শরীফের সামরিক ঘাঁটিতে তালেবান হামলায় শতাধিক সেনার হতাহতের ঘটনায় দেশটিতে এক দিনের জাতীয় শোক পালন করা হচ্ছে রোববার।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি শনিবার আহতদের দেখতে হাসপাতালে গিয়ে শোক দিবস ঘোষণা করেন। এই হামলা সব মানব জাতির উপর হামলা ও মুসলিমদের মূল্যবোধের চরম অবক্ষয় বলে ঘানি এর নিন্দা জানান। এই হামলাকে কাপুরুষোচিত কাজ বলে অভিহিত করে নিহত সেনাদের স্মরণে রোববার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ে দেশটির জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরী বৈঠক করেছেন আশরাফ ঘানি। গুরুত্ব দিয়ে হামলার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট।

শুক্রবার মাজার ই শরীফে সেনাদের পোশাক পরে হামলা চালায় তালেবান সন্ত্রাসীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বুঝতে পারেনি যে তারা তালেবান যোদ্ধা। প্রায় ১০/১৫ জন আফগান সেনাবাহিনীর পোশাকে প্রবেশ করে ঘাঁটির মসজিদ ও খাবারের জায়গায় অবস্থানরত সেনাদের লক্ষ্য করে হামলা করে। ঘণ্টাব্যাপী সেনাদের পাল্টা হামলায় অংশ নেওয়া অন্তত ১০ জন তালেবান নিহত হয়। একজনকে আটক করা হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় শতাধিক সেনাসদস্য নিহত হয়েছে। নিহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। নিহত সেনার সংখ্যা বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকম। তবে অধিকাংশ সংবাদ মাধ্যম নিহতের সংখ্যা ১৪০ জন বলে জানিয়েছে। আহত হয়েছে আরো অনেকে। কর্মকর্তারা হতাহত সেনার সংখ্যা আরও বেশি হবে বলে জানিয়েছে। বিবিসি
জেড