আফগানিস্তানে ২০১৪ সালে রেকর্ড পরিমাণ আফিম চাষ হয়েছে। বুধবার জাতিসংঘ প্রকাশিত একটি প্রতিবেদনে একথা বলা হয়।

বাণিজ্যিকভাবে লাভজনক শস্যটির উৎপাদন হ্রাসে মার্কিন নেতৃত্বাধীন কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে পরিচালিত একটি প্রচারণা ব্যর্থ হওয়ার বিষয়টি তুলে ধরে বুধবার জাতিসংঘ এই প্রতিবেদন প্রকাশ করে। খবর এএফপি’র।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক বিভাগ (ইউএনওডিসি) প্রকাশিত আফগানিস্তানে আফিম চাষের বার্ষিক সমীক্ষায় বলা হয়েছে, ২০১৪ সালে দেশটির মোট ২ লাখ ২৪ হাজার হেক্টর (৫ লাখ ৫৩ হাজার ৫০০ একর) জমিতে পপি চাষ হয়, যা গত বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

তালেবান সরকার পতনের এক বছর পর ২০০২ সালে মাত্র ৭৪ হাজার হেক্টর জমিতে পপি চাষ হয়।

এক দশক ধরে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মাদকবিরোধী বিভিন্ন পদক্ষেপ সত্ত্বেও আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলে পপি চাষের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চলেই দেশের সবচেয়ে গোলযোগপূর্ণ এলাকা রয়েছে। সেখানে তালেবানরা ঘাঁটি গেড়েছে।

পপি চাষীরা প্রায়ই তালেবান যোদ্ধাদের কর দেয়। তালেবানরা এই অর্থ সরকার ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে অভিযানে ব্যবহার করে।

এমএ