ভারতের পাঁচটি রাজ্য বিধানসভা নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপি বড় ধাক্কা খেয়েছে।
আজ (১১ ডিসেম্বর) মঙ্গলবার রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিসগড়, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে।
এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিসগড় রাজ্যে দেশের প্রধান বিরোধীদল কংগ্রেস এগিয়ে রয়েছে। অন্যদিকে, তেলেঙ্গানা রাজ্যে টিআরএস, ও মিজোরামে এমএনএফ দল এগিয়ে রয়েছে। কোনও রাজ্যেই বিজেপি অবশ্য সরকার গড়ার অবস্থায় নেই।
নির্বাচনে বিজেপি বিরোধী বিভিন্ন দলের সাফল্য প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “সাধারণ মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। এটা মানুষের রায়। দেশবাসীর জয়। এটা গণতন্ত্রের জয়। অবিচার, স্বৈরতন্ত্র, প্রতিষ্ঠানকে ধ্বংস করা, এজেন্সির অপব্যবহার, গরিব, কৃষক, যুবক ও দলিতদের অবহেলা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সেমিফাইনালেই বোঝা গেল বিজেপি কোথাও নেই। ২০১৯ সালের ফাইনাল ম্যাচের (লোকসভা নির্বাচন) ফলাফলের গণতান্ত্রিক ইঙ্গিত দিল এই জয়। গণতন্ত্রে সাধারণ মানুষই ‘ম্যান অব দ্য ম্যাচ’। বিজয়ীদের অভিনন্দন।”
সাধারণ মানুষ বিজেপিকে উচিত শিক্ষা দিয়েছে: শিবসেনা
বিজেপি’র জোট সঙ্গী শিবসেনা দলের মুখপাত্র সঞ্জয় রাউত এমপি একে কংগ্রেসের জয় না বলে বিজেপি’র বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে অভিহিত করে বলেন, “সাধারণ মানুষ উচিত শিক্ষা দিয়েছেন ওদের। অকালি দল এবং আমরা ছাড়া এই মুহূর্তে কেউ ওদের পাশে নেই।”
বিজেপি রায় মেনে নিয়েছে: শ্রীপদ নাইক
কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং বলেছেন, “রাজ্যের ইস্যুগুলোর উপর নির্ভর করেই এই নির্বাচনে লড়াই হয়েছিল। রাজ্য সরকারগুলোর কাজের উপরেই এই ফল হয়েছে।”
কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নাইক আজকের ফলকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মানুষের রায় নয় বলে দাবি করেছেন। তাঁর মতে, স্থানীয় বিভিন্ন ইস্যুর ভিত্তিতে ওই ফল হয়েছে। বিজেপি রায় মেনে নিয়েছে।
২০১৯ সালে বিজেপি আর থাকবে না: ইদ্রিস আলী
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি ও কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, “বিজেপি’র উপরে ধর্মনিরপেক্ষ হিন্দু, ধর্মনিরপেক্ষ মুসলিম, ধর্মনিরপেক্ষ খ্রিস্টান, দলিত সকলেই ক্ষুব্ধ। কেউ নেই ওঁদের সঙ্গে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঁদের সম্পর্কে যা বলেছিলেন তা মিলে গেল।
ওঁরা মাঝে মধ্যে হাওয়া তুলবে মন্দির করব, মাঝে মধ্যে রথযাত্রা করব, এতো হয় না। মানুষের কল্যাণ করতে হয়, তবে মানুষ তাদেরকে সমর্থন করবে। সামনে ২০১৯ সালে ওঁরা যে চলে যাবে মানুষ তা বুঝিয়ে দিলেন। ২০১৯ সালে বিজেপি আর থাকবে না।”
ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট সিনিয়র অধ্যাপক ড. গৌতম পাল আজ (মঙ্গলবার) রেডিও তেহরানকে বলেন, “ভারতের মানুষ গণতান্ত্রিক উপায়ে কেন্দ্রীয় সরকারে যে মোদি সরকার রয়েছেন তাঁকে আগামীদিনে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিশ্চিতভাবে পরাজিত করবে। আজ যে পাঁচ রাজ্যে নির্বাচনি ফল ঘোষণা হয়েছে সেটা তার পূর্বলক্ষণ। আমি ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দিত এবং ভারতবাসী হিসেবে ভীষণ আনন্দিত।”
“কেন্দ্রের মোদি সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি, ভারতের নিরপেক্ষ সাংবিধানিক যে অধিকার- মানুষের খাদ্যরীতি, ভাষারীতি, মানুষের সংস্কৃতিকে যারা বিপন্ন করতে চাচ্ছিল তারা আজ পর্যুদস্ত হওয়ায় আমি খুব খুশি। আমি মনে করি আগামী ২০১৯ সালে লোকসভা নির্বাচনে মোদি সরকার পরাজিত হবেই। আজকের ফলের জন্য আমার মনে হয় নৈতিকভাবে ওঁদের সরকারে থাকার কোনও অধিকার রইল না।”
এমবি





