যুক্তরাষ্ট্রে আবারও তুষারঝড়ের আশঙ্কা করা হচ্ছে। নতুন ঝড় হলে দেশটির উত্তরাঞ্চল তিন ফুট বরফের নিচে ঢাকা পড়বে।

বুধবারে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত তুষারঝড়ে এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। দেশেটির অধিকাংশ এলাকার তাপমাত্রা এখনো হিমাঙ্কের (শূন্য ডিগ্রি) নিচে রয়েছে।

এদিকে নিউ ইয়র্ক ছাড়া যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার ও মিশিগানেও ঠান্ডায় মৃত্যুর খবর পাওয়া গেছে। তুষারকবলিত এলাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউ ইয়র্কের বাফেলো শহর। ছয় ফুট বরফের নিচে ঢাকা পড়েছে শহরটি। নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রিও কুমো তুষারঝড়ের বিষয়টিকে ‘ঐতিহাসিক ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। 

তুষারপাত ও তুষারঝড়ে সবচেয়ে কাবু হয়ে পড়েছে নিউ ইয়র্কের বাফেলো ও এর আশাপাশের জনপদ। দুঃস্বপ্নের মতো ওই জনপদে চলছে বরফের নৃত্য।

বৃহস্পতিবার দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, সেখানে নতুন তুষারঝড়ে আরো তিন ফুট বরফ জমার সম্ভাবনা রয়েছে।

এছাড়া তুষারের নিচে ঢাকা পড়েছে নিউ ইয়র্কের সড়ক-মহাসড়ক। চলতি পথে আটকা পড়েছে অনেক গাড়ি। ঘর থেকে বের হওয়ার মতো পরিস্থিতি সেখানে নেই। এ অবস্থায় নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা করেছে সেখানকার গভর্নর।

উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছেন নিউ ইয়র্কের প্রশাসন। অতিরিক্ত উদ্ধার ও ত্রাণকর্মী মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে নাগরিকদের বের হতে নিষেধ করা হয়েছে।

জেআই