পাকিস্তানের রাজনৈতিক সংকটের বিষয়ে মধ্যস্থতা করার জন্য দেশটির সেনাবাহিনীকে অনুরোধ জানানোর কথা অস্বীকার করেছেন তেহরিকি ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান ও পাকিস্তান আওয়ামি তেহরিক (পিএটি) নেতা ড. তাহিরুল কাদরি। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সংসদে দাঁড়িয়ে এ বিষয়ে মিথ্যাচার করেছেন বলে তারা দাবি করেন।

পিএটি নেতা ড. কাদরি শুক্রবার তার সমর্থকদের বলেছেন, ‘সেনাপ্রধান বা সেনাবাহিনীকে মধ্যস্থতার অনুরোধ জানানোর দাবি পুরোপুরি মিথ্যা। গতরাতের বৈঠকের আগে আমার সঙ্গে কখনই সেনাপ্রধানের কথা হয়নি।” তিনি আবারও প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, সরকার ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই সেনাপ্রধানকে মধ্যস্থতা করার অনুরোধ জানানো হয়েছে।

সেনাপ্রধানের সঙ্গে গতরাতের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, প্রথমে ইমরান খান সেনাপ্রধানের সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর সেনাপ্রধানের সঙ্গে তাদের দুই জনের একত্রে সংক্ষিপ্ত বৈঠক হয়।

শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সংসদে বলেছেন, ইমরান খান ও ড.তাহিরুল কাদরির অনুরোধের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধানকে মধ্যস্থতা করার অনুমতি দিয়েছেন তিনি।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই