বরপক্ষ দেরি করে কনের বাড়িতে আসবে এটাই যেন স্বাভাবিক দৃশ্য এই উপমহাদেশে। তবে, এবার বরপক্ষের এই দেরি করার উপর জরিমানা আরোপ করেছে ভারতের উত্তর প্রদেশের একটি গ্রাম। বরপক্ষ দেরি করলে প্রতি মিনিটে গুণতে হবে ১০০ রুপি। খবর এনডিটিভির।
শুধু তাই নয়, বরপক্ষের শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হট্টগোলও করতে পারবে না, থাকতে হবে শান্ত-শিষ্ট হয়ে। এরকমই আইন করেছেন উত্তর প্রদেশের টাউংকপুরি টান্ডা গ্রামের মাতব্বররা। প্রদেশটিতে বর শোভাযাত্রাকে বলা হয় 'বারাত'।
১০ হাজার অধিবাসীর অধিকাংশই মুসলিম। গ্রামটির প্রধান ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আরশাদ বলেন, "বিয়ে উপলক্ষ্যে গ্রামের রাস্তায় নাচ-গান ও ঢোল পিটানো নিষিদ্ধ করা হয়েছে। আমরা সব ধরনের আচার-অনুষ্ঠান ও আনন্দ উৎসব পর্যবেক্ষণ করবো। এ ছাড়া গ্রামবাসীদেরকে অতিরিক্ত খরচ করা, লোক দেখানো অনুষ্ঠান ও খাবারের অপচয় নিয়েও সতর্ক করা হয়েছে।"
এ ছাড়া, গ্রামবাসীদেরকে নিজের গ্রামের মধ্যেই বিয়ে করতে বলা হয়েছে। মাওলানা আরশাদ বলেন, "এর ফলে আমাদের মেয়েরা ও বোনেরা দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া সামাজিক নীতি বিরোধী তৎপরতা থেকে বেঁচে যাবেন। আমাদের পূর্বপুরুষদের (সনাতন ধর্মাবলম্বীরা) বিভিন্ন নৈতিক ও ধর্মীয় রেওয়াজ আমাদের মধ্যে বিভিন্নভাবে প্রতিষ্ঠা পাওয়াটাও বন্ধ হবে।"
এমএ





