যুক্তরাষ্ট্রজুড়ে চলছে প্রবল তুষারঝড়। এতে এই পর্যন্ত অন্তত সাতজন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অন্তত ৫০টি রাজ্যে তুষারঝড়ের ঘটনা ঘটেছে। খবর বিবিসি'র।

শুধু নিউইয়র্কের আশপাশ থেকেই সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন গাড়ি দুর্ঘটনায়, একজন গাড়িতে আটকা পড়ে ও পাঁচজন হার্ট অ্যাটাকে মারা গেছেন।

নিউইয়র্কের উত্তর-পশ্চিমে ব্যাপক তুষারপাতের ঘটনা ঘটেছে। বাফালোতে ৫ ফুট পর্যন্ত তুষারের স্তর জমা হয়েছে। সেখানে আরও তুষারপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রিউ কুমো জানিয়েছেন, ন্যাশনাল গার্ডের অন্তত শতাধিক সদস্য নিয়োগ করা হয়েছে। রাস্তাঘাট পরিস্কার ও আটকে পড়া যানবাহন উদ্ধারে কাজ চলছে।

ফ্লোরিডা ও হাওয়াইসহ অন্তত ৫০টি অঙ্গরাজ্যে তাপমাত্রা আশঙ্কাজনকহারে কমে গেছে। প্রবল তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধের পাশাপাশি অসংখ্য যানবাহন আটকা পড়েছে। বাড়ি-ঘরেও অনেক লোকজন আটকা পড়ায় প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। চলমান তুষারঝড় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন কুমো।

এমএ