মালয়েশীয় এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির অবস্থান চিহ্নিত করার চেষ্টায় সোমবার ত্রিশ লাখ মানুষ যোগ দিয়েছে। এটি এ ধরনের বৃহত্তম তল্লাশি অভিযান হিসেবে ধারণা করা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, স্যাটেলাইট প্রতিষ্ঠান ডিজিটাল-গ্লোব সোমবার বলেছে, এখন তারা ২৪ হাজার বর্গ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালাচ্ছে এবং প্রতিদিন ভারত মহাসাগরের একটি নতুন এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে নতুন নতুন স্যাটেলাইট ছবি যুক্ত হচ্ছে।
প্রতিষ্ঠানটি জানায়, তাদের কর্মসূচিতে ত্রিশ লক্ষাধিক লোক অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারীরা ২৯ লাখ এলাকা ‘ট্যাগ’ করেছে এবং তাদের ‘ম্যাপ ভিউজ’ -এর সংখ্যা প্রায় ২৫ কোটি ৭০ লাখ। প্রতিষ্ঠানটি বলেছে, গত ৮ মার্চ ২৩৯ যাত্রী ও ক্রুসহ বিমানটি নিখোঁজ হওয়ার পর তারা ১১ মার্চ থেকে তাদের পাঁচটি শক্তিশালী স্যাটেলাইটের মাধ্যমে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
তারা বিমান অনুসন্ধান কার্যক্রমে সহায়তার জন্য সাধারণ মানুষের প্রতি তাদের স্যাটেলাইটে তোলা উচ্চ মানের ছবিগুলো পরখ করে দেখার আহ্বান জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, তাদের আহ্বানে এতো বিপুল সংখ্যক লোক সাড়া দেয় যে, এর ফলে গত সপ্তাহে একটা সময়ের জন্য তাদের সিস্টেমের কম্পিউটারগুলো ওভার-লোডেড হয়ে গিয়েছিল।
প্রতিষ্ঠানটির একটি বিবৃতিতে বলা হয়, ডিজিটাল-গ্লোব বিশেষজ্ঞরা সবচেয়ে উল্লেখযোগ্য ১০টির মতো এলাকা চিহ্নিত করতে ট্যাগগুলো পরীক্ষা করে দেখবেন।
বিবৃতিতে বলা হয়, ‘ডিজিটাল-গ্লোবের মার্কিন সরকারের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে এবং এ বিষয়ে ও অন্যান্য বৈশ্বিক ঘটনায় নিবিড় ও নিরবচ্ছিন্ন সমন্বয় রয়েছে।’
সাধারণ মানুষকে জড়ো করে বিরাট উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে সুনির্দিষ্ট রেকর্ড রাখা না হলেও ধারণা করা হচ্ছে, এটি বিশ্বের ইতিহাসে বৃহত্তম উদ্যোগগুলোর অন্যতম। ডিজিটাল-গ্লোব জানায়, তাদের এই উদ্যোগ গত নভেম্বরে ফিলিপাইনে টাইফুন হাইয়ানের পর গৃহীত উদ্যোগের চেয়েও বড়।
উডরো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসে ক্রাউড সোর্সিং বিষয়ক লী শানলে বলেন, ‘এতো লোক নিয়ে আগেও প্রকল্প চালানো হয়েছে। কিন্তু হয়তো এতো স্বল্প সময়ে নয়।’
তিনি বলেন, এর মাধ্যমে হয়তো নিখোঁজ বিমানটি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এটি বিমানটি কোথায় নেই তা চিহ্নিত করার মাধ্যমে পেশাদার ছবি বিশ্লেষকদের মূল্যবান সময় বাঁচাতে সহায়ক হবে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
নিখোঁজ বিমান তল্লাশিতে ৩০ লাখ মানুষ!
মালয়েশীয় এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটির অবস্থান চিহ্নিত করার চেষ্টায় সোমবার ত্রিশ লাখ মানুষ যোগ দিয়েছে। এটি এ ধরনের বৃহত্তম তল্লাশি অভিযান হিসেবে ধারণা করা হচ্ছে।





