ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং সেনাবাহিনী যৌথভাবে বিমান মহড়া চালিয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) পারস্য উপসাগরের আকাশে এই মহড়া চালানো হয়।

এনিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় দফা মহড়া চালালো ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী।

ইরানের সামরিক সূত্র জানিয়েছে, পবিত্র প্রতিরক্ষা সপ্তাহকে সামনে রেখে এই মহড়া চালানো হচ্ছে। এটাকে প্রতিরক্ষা সপ্তাহের বার্ষিক কুচকাওয়াজের প্রস্তুতিমূলক প্রশিক্ষণও বলা হচ্ছে।

আগামী ২২ সেপ্টেম্বর থেকে ইরানে প্রতিরক্ষা সপ্তাহ শুরু হচ্ছে। সেদিন রাজধানী তেহরানসহ দেশের বড় বড় শহরে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানে আইআরজিসি ও সেনাবাহিনীর বিমান ইউনিটও অংশ নেবে।

পারস্য উপসাগরের আকাশে অনুষ্ঠিত আজকের মহড়ায় বিভিন্ন মডেলের জঙ্গিবিমান অংশ নিয়েছে বলে সামরিক সূত্রে জানা গেছে।

ইরানে প্রতি বছরই পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার সেনারা অংশ নেন।

ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের অন্যায় যুদ্ধের বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা সপ্তাহ পালন করে ইরান।

এমবি