সোমবার (১৯ অক্টোবর) রাজধানী খার্তুমে ড্রোন হামলায় তিন শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইমার্জেন্সি লইয়ার্স নামে একটি মানবাধিকার সংগঠন। সুদানের গৃহযুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করে সংগঠনটি।
গত শুক্রবার থেকে দেশটির পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে প্রাণঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) দায়ী করা হচ্ছে। ২০২৩ সাল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধ চলছে। সাম্প্রতিক মাসগুলোতে ড্রোনের ব্যবহার বেড়ে যাওয়ায় বেসামরিক মানুষের প্রাণহানিও বাড়ছে।
সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধ্যায়। সেদিন সুদানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েস্ট কর্দোফান রাজ্যের আল-দিবাব শহরে আরএসএফের নিয়ন্ত্রণে থাকা একটি বাজারের কাছে ভয়াবহ এই হামলা হয়।
স্থানীয় বাসিন্দা ও চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাজারের দিন শেষে গ্রামে ফেরার জন্য যানবাহনের অপেক্ষায় একটি পরিবহনকেন্দ্রে জড়ো হয়েছিলেন লোকজন। এ সময় সেখানে ড্রোন হামলা চালানো হলে ৮০ জন নিহত হন।
হামলায় আহত ৪৭ জনকে পাশের আল-মুজলাদ শহরে নেওয়া হয়। তাদের মধ্যে ৩০ জন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন একজন চিকিৎসাসংশ্লিষ্ট ব্যক্তি।
আরএসএফের স্বঘোষিত প্রশাসন তাসিস এবং ইমার্জেন্সি লইয়ার্স এ হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে।
সুদানের পূর্বাঞ্চলীয় গাদারেফ রাজ্যে আতবারা ও সেটিট বাঁধ লক্ষ্য করে আরএসএফের কয়েকটি ড্রোন হামলার চেষ্টা চালায় বলে জানিয়েছেন দেশটির একজন সামরিক কর্মকর্তা। রোববার আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোনগুলো প্রতিহত করা হয় বলে তার দাবি। বাধ দুটি রাজধানী খার্তুম থেকে প্রায় ৪২০ কিলোমিটার পূর্বে অবস্থিত। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আরএসএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সোমবার ভোরে দক্ষিণ দারফুর রাজ্যের রাজধানী নিয়ালায় আরেকটি ড্রোন হামলা হয়। শহরটি আরএসএফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। চিকিৎসাকর্মী ও আরএসএফের সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, এ হামলায় সাতজন আরএসএফ কর্মকর্তা সহ ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন।
এর আগে গত শুক্রবার ইথিওপিয়ার সীমান্তবর্তী সুদানের ব্লু নাইল প্রদেশে বাস্তুচ্যুত মানুষের একটি সমাবেশে আরএসএফের ড্রোন হামলায় ৪১ জন নিহত হন বলে জানিয়েছে ইমার্জেন্সি লইয়ার্স। সংগঠনটি এ ঘটনাকে মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করে হামলার নিন্দা জানিয়েছে।
সুদানে প্রাণঘাতী ড্রোন হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, দেশজুড়ে অব্যাহত ড্রোন হামলায় বেসামরিক নাগরিক, এমনকি শিশুরাও নিহত হচ্ছে। পাশাপাশি এসব হামলায় গুরুত্বপূর্ণ সেবাব্যবস্থা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। সূত্র: আল জাজিরা।
এনএইচ
















