পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম, ইনজামাম উল হক, শহীদ আফ্রিদির মতো কিংবদন্তিরা যা করে দেখাতে পারেননি, তাই করে দেখিয়েছেন বাবর আজম।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে বড় মনের পরিচয়ও দিলেন পাকিস্তান অধিনায়ক। ২৫০ শিশুর পড়াশুনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন তিনি।
অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনে'র সঙ্গে কাজ করবেন বাবর। তাদের অংশীদারিত্বে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করেই পাকিস্তানের জয় উদযাপন করতে চান অধিনায়ক।
আর তার এ পদক্ষেপ নিজের বাবা মোহাম্মদ আজম ও সায়া কর্পোরেশনকে উৎসর্গ করেছেন তিনি।
বাবর এর আগে বেশ কিছু সাক্ষাৎকারেই জানিয়েছেন নিজের রোল মডেল বাবা মোহাম্মদ আজম।
বাবার কথা মতোই ভারতের বধের উদযাপনের এমন এক পদক্ষেপ নিয়েছেন বাবর।
২৭ বছর বয়সী এ তারকা জানিয়েছেন শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার উদ্যোগটি তার বাবার।
জানা যায়, এর জন্য পাকিস্তানি অর্থে ২০ লাখ রুপির একটি তহবিল বরাদ্দ করা হবে।
গতকাল সোমবার ( ২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাবর লিখেছেন, 'আমি শীর্ষস্থানীয় অ্যাডটেক প্ল্যাটফর্ম নুনের মাধ্যমে ২৫০ জন যোগ্য শিক্ষার্থীকে শিক্ষিত করে উদযাপন করতে চাই।
এটি আমার বাবা এবং রোল মডেল, মোহাম্মদ আজম এবং সায়া কর্পোরেশনের জন্য উৎসর্গ করলাম।'
ভারতের বিপক্ষে অসাধারণ জয়ের দিনে মাঠেই ছিলেন বাবরের বাবা মোহাম্মদ আজম। ভারতের বিপক্ষে প্রথম জয় এনে দেওয়া শটটাও ছিল পাকিস্তান অধিনায়কের।
গ্যালারিতে বসেই সেটা দেখেছেন তার বাবা। তখন আর আবেগ ধরে রাখতে পারেননি। আনন্দে কেঁদেই দিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, গত রোববার ( ২৪ অক্টোবর) ভারতকে ১০ উইকেটের ব্যবধানে হারায় পাকিস্তান। ম্যাচের শুরুতেই ভারতীয়দের চেপে ধরে মাত্র ১৫১ রানে অলআউট করে দেয় দলটি।
এরপর দুই ওপেনার পাক অধিনায়ক বাবর আজম ও উইকেট কিপার মোহাম্মাদ রিজওয়ানের ব্যাটে ভর করেই জয় তুলে নেয় পাকিস্তান।
এইচএন





