ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে মুখোমুখি হয়েছে কানাডার সেনাবাহিনী। এটিই প্রথম আইএসের সঙ্গে কোন পশ্চিমা বাহিনীর সরাসরি সম্মুখযুদ্ধ। মঙ্গলবার এ খবর জানিয়েছে আল জাজিরা।
কানাডার সেনাবাহিনীর একটি দল ইরাকের সেনাদের প্রশিক্ষণের জন্য এখন দেশটিতে অবস্থান করছে। প্রশিক্ষণের এক পর্যায়ে কানাডার বাহিনীর ওপর হামলা চালায় আইএস যোদ্ধারা। কানাডার প্রশিক্ষণদাতা সেনা দলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মিচেল রাউলিয়াউ জানিয়েছেন, আইএস তাদের ওপর হামলা চালালে আত্মরক্ষা হিসেবে তারাও পাল্টা হামলা চালায়।
কানাডার সেনাবাহিনীর পাল্টা হামলায় আইএস যোদ্ধারা নিহত হয়েছে বলে দাবি করেছেন ওই ব্রিগেডিয়ার। তবে, কানাডার পক্ষে কোন হতাহত হয়নি বলে জানান তিনি। গত এক সপ্তাহ ধরে ইরাকি সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে কানাডীয় বাহিনী।
উল্লেখ্য, ইরাক ও সিরিয়ার এক বিশাল অঞ্চল দখলে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস। তারা স্বঘোষিত খিলাফতও প্রতিষ্ঠা করেছে ওই অঞ্চলে। আইএসকে পরাস্ত করতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বাহিনী বিমান হামলা চালিয়ে আসছে। কিন্তু কোন স্থলবাহিনী পাঠায়নি পশ্চিমারা।
কানাডা কেবলমাত্র ইরাকে দখলকৃত আইএস অঞ্চলে বিমান হামলা চালিয়ে আসছে। দেশটি ৬টি যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জামসহ ৬০০ জন বিমান সেনাকে ইরাকে পাঠিয়েছে। কানাডার এই বিমান অভিযান আগামী এপ্রিলে শেষ হতে যাচ্ছে। তবে, পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে তা আরও দীর্ঘ হতে পারে।
এমএ





